রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফন হবে: প্রেসসচিব


 



সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।



মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত জানান।



প্রেসসচিব জানান, বৈঠকে খালেদা জিয়ার জানাজা ও দাফনসহ নিরাপত্তা প্রস্তুতির বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বিএনপির সঙ্গে সমন্বয় করে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।



শফিকুল আলম আরও বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে, যেখানে মরদেহ আনার সময় পুরো রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। জানাজা ও দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।



তিনি বলেন, জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপির নেতারা এবং কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এছাড়া সংসদ, বাংলাদেশের দূতাবাস এবং বিএনপি পার্টি অফিসে শোক বই খোলা হবে। জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন, এবং কিছু স্থানে সেনাবাহিনী থাকবে।




Next Post
No Comment
Add Comment
comment url